এক হাজার মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

এক হাজার মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা ও জনশক্তি ডেস্ক

দেশের মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে আরও এক হাজার মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সরকারের এই পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, সরকার মাদরাসা শিক্ষাকে কেবল ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং ইংরেজি ভাষা শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের কাজ করছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যে এই কারিকুলাম সংস্কারের কাজ শুরু করেছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে প্রতিটি মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হবে।

সংসদ সদস্য মো. আবুল হাসনাত তার প্রশ্নে উল্লেখ করেন, দেশে বর্তমানে মাদরাসা শিক্ষায় ২ কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ৪০ লাখই প্রাথমিক স্তরের। গবেষণার তথ্য উদ্ধৃত করে তিনি জানান, মাদরাসা স্নাতকরা ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে সাধারণ কর্মবাজারে প্রবেশের ক্ষেত্রে প্রায়ই নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বাস্তবায়নের সময়সীমা জানতে চান তিনি।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “মাদরাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। ইতিমধ্যে দেশের ৫৪৮টি মাদরাসায় ভোকেশনাল কোর্স সফলভাবে চালু হয়েছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন করে আরও এক হাজার মাদরাসায় কারিগরি ট্রেড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, মাদরাসা শিক্ষায় কারিগরি দক্ষতা যুক্ত হলে শিক্ষার্থীরা জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে। বিশেষ করে আইটি এবং ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে তারা দেশে ও বিদেশের শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাতে পারবে। এটি বেকারত্ব হ্রাসের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও নীতি নির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়। সরকার আশা করছে, দ্রুততম সময়ের মধ্যে এই কারিগরি কোর্সগুলো বাস্তবায়িত হলে দেশের বিশাল একটি জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন নিশ্চিত হবে।

জাতীয় শীর্ষ সংবাদ