টঙ্গীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

অপরাধ ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে টঙ্গী পূর্ব থানার পাগার পাঠানপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—জসিম (৪০) ও শরিফুল আলম আরিফ (৩২)। পুলিশ জানায়, তারা দুজনই টঙ্গী এলাকার তালিকাভুক্ত অপরাধী এবং সাম্প্রতিক একটি সহিংস ঘটনার এজাহারভুক্ত আসামি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, গত ২৩ ফেব্রুয়ারি টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জড়িত কয়েকজন আসামি পাঠানপাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঠানপাড়া এলাকার একটি ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে অবৈধ একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী, গত ২৩ ফেব্রুয়ারির ওই সংঘর্ষের ঘটনায় হামলা, ঘরবাড়ি লুটপাট এবং দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে জসিম ও আরিফের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকেই তারা পলাতক ছিল।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, টঙ্গীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে এই অস্ত্র ব্যবহারের পরিকল্পনা ছিল তাদের। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সাথে অন্য কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পূর্বের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পনগরী টঙ্গীতে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে টঙ্গী পূর্ব থানার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

আইন আদালত শীর্ষ সংবাদ