আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তিন স্তরবিশিষ্ট একটি নতুন শান্তি প্রস্তাব পেশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসতে আগ্রহী হয়, তবে এই প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা এগোবে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই রূপরেখা যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
প্রস্তাবের রূপরেখা ও তিন স্তর ইরানের দেওয়া এই নতুন প্রস্তাবে সংঘাত নিরসনে পর্যায়ক্রমিক তিনটি ধাপের কথা উল্লেখ করা হয়েছে। প্রস্তাবের প্রথম স্তরে ইরান শর্ত দিয়েছে যে, চলমান যুদ্ধ অবিলম্বে এবং সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই মর্মে নিশ্চয়তা দিতে হবে যে, ভবিষ্যতে ইরান এবং লেবাননের ভূখণ্ডে আর কোনো ধরনের আগ্রাসী সামরিক হামলা চালানো হবে না।
প্রথম স্তরের শর্তগুলো মানা হলে দ্বিতীয় স্তরে প্রবেশ করবে দুই পক্ষ। এই পর্যায়ে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’র ব্যবস্থাপনা এবং এর প্রশাসনিক কাঠামো নিয়ে বিশদ আলোচনা হবে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান এই করিডোরটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই ধাপের মূল লক্ষ্য।
সবশেষে, যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষ একটি ঐক্যমতে পৌঁছাতে সক্ষম হয়, তবেই ইরান তার বহুল আলোচিত ও বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় বসতে রাজি হবে। তেহরান ইঙ্গিত দিয়েছে, পূর্ববর্তী দুই ধাপের সফল বাস্তবায়নই হবে পরমাণু সমঝোতার চাবিকাঠি।


