জাতীয় ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে (ইউএসএফ) নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের প্রথম জানাজা আজ স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। ফ্লোরিডার টাম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী এই জানাজা সম্পন্ন হবে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দূতাবাস সূত্র জানায়, দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার লিমনের মরদেহ টাম্পার ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে স্থানীয় পুলিশ। মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট নিহতের পরিবারের সম্মতি গ্রহণ করে স্থানীয় কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ হস্তান্তরের এই সিদ্ধান্ত নেয়। ধর্মীয় বিধি মোতাবেক মরদেহের পরবর্তী সকল প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত লিমনের এমন অস্বাভাবিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতে দূতাবাস ও কনস্যুলেটের বিশেষ তদারকিতে আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে লিমনের মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকে জামিল লিমন ও অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে লিমনের মরদেহ উদ্ধার এবং তার রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তারের পর ঘটনার ভয়াবহতা প্রকাশ্যে আসে। পুলিশ ও আদালতের প্রাথমিক নথিপত্র অনুযায়ী, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। তবে এই ঘটনায় নিখোঁজ থাকা অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির অবস্থান বা বর্তমান অবস্থা সম্পর্কে দূতাবাস কিংবা মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা থেকে নতুন কোনো তথ্য জানানো হয়নি। তার সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষারত মেধাবী শিক্ষার্থীদের এমন মর্মান্তিক পরিণতি বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেছে। স্থানীয় প্রবাসী নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিমনের বিদেহী আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ করেছেন। লিমনের মরদেহ দেশে পৌঁছালে পরিবারের কাছে হস্তান্তর এবং পরবর্তী দাফন কার্যাদি সম্পন্ন হবে।


