ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধরনের সংকটে পড়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ আশরাফ হাকিমি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফিরতি ম্যাচে মাঠের বাইরে থাকছেন। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৫-৪ গোলের ব্যবধানে রোমাঞ্চকর জয়ের ম্যাচে চোট পান এই মরক্কান ডিফেন্ডার। ম্যাচের শেষ দিকে অস্বস্তি অনুভব করলেও তিনি নির্ধারিত সময় পর্যন্ত খেলা চালিয়ে যান। তবে ম্যাচ পরবর্তী নিবিড় ডাক্তারি পরীক্ষায় তার হ্যামস্ট্রিংয়ে বড় ধরনের চিড় ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পূর্ণ সুস্থ হতে তাকে পুনর্বাসনে থাকতে হবে, যার ফলে আগামী সপ্তাহে মিউনিখে অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগে তার অংশগ্রহণ অসম্ভব হয়ে পড়েছে।
হাকিমির অনুপস্থিতি পিএসজি কোচ ও কৌশলগত পরিকল্পনার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। আধুনিক ফুটবলে রাইট-ব্যাক পজিশনে তিনি বিশ্বের অন্যতম সেরা, যিনি রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও কার্যকর ভূমিকা রাখেন। বিশেষ করে তার গতি এবং ওভারল্যাপিং সক্ষমতা পিএসজির ডান প্রান্তকে সচল রাখে। চলতি মৌসুমে ইনজুরি পিএসজি শিবিরে নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর আগে অ্যাঙ্কেল ইনজুরির কারণে হাকিমি দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। সুস্থ হয়ে ফেরার পর দলের পারফরম্যান্সে গতি ফিরলেও আবারও নতুন চোট তাকে ছিটকে দিল।
পরিসংখ্যান বলছে, প্রথম লেগের জয়টি পিএসজিকে সুবিধাজনক অবস্থানে রাখলেও রক্ষণের দুর্বলতা স্পষ্ট হয়েছে। শেষ মুহূর্তে দুই গোল হজম করার কারণে গোল ব্যবধান এখন অত্যন্ত সংকীর্ণ। বায়ার্ন মিউনিখের মতো শক্তিশালী প্রতিপক্ষের ঘরের মাঠে লিড ধরে রাখা পিএসজির জন্য এমনিতেই কঠিন পরীক্ষা, তার ওপর নির্ভরযোগ্য ডিফেন্ডারকে হারানো দলের ভারসাম্য নষ্ট করতে পারে। রক্ষণভাগে হাকিমির বিকল্প হিসেবে কাকে ব্যবহার করা হবে, তা নিয়ে এখন মূল দুশ্চিন্তা কাজ করছে ফরাসি জায়ান্ট শিবিরে।
চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় পিএসজির দীর্ঘদিনের আরাধ্য লক্ষ্য। গত কয়েক মৌসুম ধরে নক-আউট পর্বে ইনজুরি এবং নাটকীয় বির্পযয় তাদের স্বপ্নভঙ্গের কারণ হয়েছে। এবার সেমিফাইনালের গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের মূল একাদশের খেলোয়াড়কে হারানো সেই পুরোনো শঙ্কারই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। মিউনিখে অনুষ্ঠিতব্য ফিরতি লেগের ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে ফরাসি ক্লাবটি টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখতে পারবে কি না। আপাতত হাকিমির অনুপস্থিতিতে রক্ষণভাগ পুনর্গঠন করাই হবে পিএসজি ম্যানেজমেন্টের প্রধান অগ্রাধিকার।


