জাতীয় ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (২ মে) দিনব্যাপী রাষ্ট্রীয় সফরে সিলেট যাচ্ছেন। শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সফরের বিস্তারিত কর্মসূচি নিশ্চিত করেছে। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।
কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শনিবার সকাল ১০টায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাটে সিলেট সিটি করপোরেশন কর্তৃক গৃহীত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে ভাষণ দেবেন।
দুপুরে প্রধানমন্ত্রী সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কৃষি ও পরিবেশ রক্ষায় স্থানীয় জলাশয় এবং নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায়ে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরপর সিলেট শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে তিনি সর্বশেষ সিলেট সফর করেছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর দলীয় প্রধান হিসেবে সেই সফরের পর এবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে সিলেট মহানগরী ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং জলাবদ্ধতা নিরসনের উদ্যোগগুলো এই সফরের মাধ্যমে নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।


