৪৩ হাজার বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে, ৪টি এয়ারলাইন্সের মাধ্যমে ফিরতি যাত্রা শুরু ৩০ মে

৪৩ হাজার বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে, ৪টি এয়ারলাইন্সের মাধ্যমে ফিরতি যাত্রা শুরু ৩০ মে

ধর্ম ও জীবন ডেস্ক

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১০৮টি ফ্লাইটে মোট ৪৩ হাজার ১৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। রোববার (৩ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হেল্প ডেস্ক এই প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন। হজ কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে দায়িত্ব পালন করছে।

এয়ারলাইন্স ভিত্তিক তথ্যে দেখা গেছে, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ২০ হাজার ৪৮৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৯০ জন যাত্রী গন্তব্যে পৌঁছেছেন। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে বছরের প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইটের উদ্বোধন করেছিলেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের জন্য নিবিড় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। এ পর্যন্ত সৌদি মেডিকেল টিম ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা প্রদান করেছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ৭৩০ জন হজযাত্রী বিভিন্ন স্বাস্থ্যসেবা সংক্রান্ত সহায়তা গ্রহণ করেছেন। তবে অত্যন্ত দুঃখজনকভাবে এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় অবস্থানকালে স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

ঢাকাস্থ সৌদি দূতাবাস ইতোমধ্যে শতভাগ ভিসা ইস্যু সম্পন্ন করেছে। মোট ৭৮ হাজার ৫০০টি ভিসার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯০৩টি ভিসা ইস্যু করা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে এখন বাকি হজযাত্রীদের সৌদি আরব পাঠানোর প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুসলিম উম্মাহর এই গুরুত্বপূর্ণ ইবাদত সম্পন্ন করে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি যাত্রার শেষ ফ্লাইটটি আগামী ৩০ জুন ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

হজ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হজযাত্রীদের যাতায়াত ও অবস্থান আরামদায়ক করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। জেদ্দা ও মদিনার হজ অফিসগুলো হজযাত্রীদের সহায়তায় ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে যাতে হাজিরা কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত প্রতিকার পান। একইসঙ্গে মক্কা ও মদিনার আবহাওয়া এবং স্থানীয় নিয়ম-কানুন সম্পর্কে হজযাত্রীদের নিয়মিত সচেতন করা হচ্ছে। মূলত সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এবারের হজ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে আশাবাদী সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

জাতীয় শীর্ষ সংবাদ