আইনি লড়াই ও আর্থিক সংকটে বিপর্যস্ত কিম সু-হিউন

আইনি লড়াই ও আর্থিক সংকটে বিপর্যস্ত কিম সু-হিউন

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরীয় বিনোদন জগতের এক সময়ের শীর্ষ পারিশ্রমিক পাওয়া অভিনেতা কিম সু-হিউন বর্তমানে গভীর আইনি ও আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন। প্রয়াত অভিনেত্রী কিম সে-রনের পরিবারের দায়ের করা মামলা এবং একটি প্রসাধনী সংস্থার বিপুল অংকের ক্ষতিপূরণ দাবির মুখে এই তারকার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন চরম অনিশ্চয়তায় পড়েছে। দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে থাকার পর সম্প্রতি সিউলের সেওংসু জেলায় তাকে দেখা গেলেও তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এই সংকটের সূত্রপাত হয় ২০২৫ সালে অভিনেত্রী কিম সে-রনের মৃত্যুর পর। অভিনেত্রীর পরিবারের অভিযোগ, কিম সু-হিউনের সঙ্গে সে-রনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল, যা সে-রন নাবালিকা থাকাকালীন শুরু হয়। এই প্রেক্ষাপটে তার পরিবার কিম সু-হিউনের বিরুদ্ধে শিশু কল্যাণ আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেছে। পরিবারের আরও দাবি, সে-রন ঋণের ভারে জর্জরিত হয়ে সাহায্যের জন্য আবেদন জানালেও সু-হিউন তাতে সাড়া দেননি, যা পরিস্থিতির অবনতি ঘটায়।

আইনি লড়াইয়ের পাশাপাশি অভিনেতা এখন তীব্র আর্থিক চাপের সম্মুখীন। সিউলভিত্তিক বিনোদন বিশ্লেষকদের মতে, মামলার ব্যয় মেলাতে তিনি হিমশিম খাচ্ছেন। এর মধ্যেই একটি প্রসাধনী সংস্থা চুক্তির শর্ত ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে ২.৮ বিলিয়ন ওন (প্রায় ১.৯ মিলিয়ন মার্কিন ডলার) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে। কিম সু-হিউনের প্রতিনিধিরা শুরু থেকেই এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করে আসছেন। আত্মপক্ষ সমর্থনে এবং ভাবমূর্তি পুনরুদ্ধারে তিনি ইতিমধ্যে মানহানির পাল্টা মামলা দায়ের করেছেন। আইনি বিশেষজ্ঞদের ধারণা, মানহানি মামলার রায়ের ওপর ভিত্তি করেই বিজ্ঞাপন সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।

দক্ষিণ কোরিয়ার কঠোর বিনোদন নীতি ও সামাজিক প্রেক্ষাপটে এই ধরনের অভিযোগ যেকোনো তারকার জন্য ক্যারিয়ারের সমাপ্তি হিসেবে বিবেচিত হয়। কিম সু-হিউনের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ দেশটির মিডিয়া ইন্ডাস্ট্রিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আদালতের চূড়ান্ত রায়ের আগে পর্যন্ত এই সংকট সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যা দক্ষিণ কোরীয় শোবিজ অঙ্গনে এক বড় ধরনের অস্থিরতা বজায় রেখেছে।

বিনোদন শীর্ষ সংবাদ