সারাদেশ ডেস্ক
খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় পর্যটকদের লক্ষ্য করে হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ মে) বিকেলে পরিচালিত অভিযানে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই খুলনার দাকোপ থানার বাসিন্দা।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, সোমবার (৪ মে) ভোর আনুমানিক ৪টার দিকে দাকোপ উপজেলার ঢাংমারী খাল সংলগ্ন একটি ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে একদল দুষ্কৃতিকারী হামলা ও লুটপাটের চেষ্টা চালায়। এ সময় তারা রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে প্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় একই দিন বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজন সরদার ও রতন সরদারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে।
পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সুন্দরবন সংলগ্ন পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পর্যটকদের আগমন বৃদ্ধি পাওয়ায় এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


