দেশে প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’র আত্মপ্রকাশ

দেশে প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’র আত্মপ্রকাশ

বিনোদন ডেস্ক

পরিবর্তিত দর্শকচাহিদা ও ডিজিটাল প্ল্যাটফর্মের গতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘মাইক্রো ড্রামা’র পথচলা। ‘সিলভার সাদিয়া’ শিরোনামের একটি সিরিজের মাধ্যমে এই নতুন ফরম্যাটের কনটেন্ট দর্শকদের সামনে আসতে যাচ্ছে। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার সামাজিক যোগাযোগ মাধ্যম পাতায় সিরিজটির ট্রেলার অবমুক্ত করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

সিরিজটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং এটি প্রযোজনা করেছে মায়ের দোয়া স্টুডিওস। মূলত অ্যাডকম লিমিটেডের ৩৬০ ডিগ্রি ফুল-সার্ভিস কনটেন্ট-ড্রিভেন প্রজেক্ট হিসেবে এটি নির্মাণ করা হয়েছে। এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান ও অ্যালেন শুভ্র। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন ফারজানা ছবি, কামরুজ্জামান তপু এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোট ভাই)।

সিরিজটির কাঠামো গৎবাঁধা নাটক বা ওয়েব সিরিজের চেয়ে ভিন্ন। মোট ১৫টি পর্বের সমন্বয়ে গঠিত এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে মাত্র তিন মিনিট। বর্তমান সময়ের দর্শকদের স্বল্প সময়ে মানসম্মত বিনোদন গ্রহণের প্রবণতাকে প্রাধান্য দিয়েই এই ক্ষুদ্র পরিসরের গল্প বলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা মিরাজ হোসেন। তার মতে, বিশ্বজুড়ে মাইক্রো-কনটেন্টের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি সময়োপযোগী পরীক্ষামূলক পদক্ষেপ।

গল্পের প্রেক্ষাপটে উঠে এসেছে বাংলাদেশের একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জীবনচিত্র। সিরিজের মূল চরিত্র মাদ্রাসা পড়ুয়া এক তরুণী, যার অন্তরালে রয়েছে ভিডিও গেমিংয়ের প্রতি প্রবল ঝোঁক। মায়ের পরোক্ষ সমর্থনে সে গোপনে ইউটিউবে লাইভস্ট্রিমিং শুরু করে এবং ডিজিটাল মাধ্যমে নিজস্ব একটি অনুসারী গোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়। তবে এই গোপন কার্যক্রম একপর্যায়ে তার বাবার সামনে প্রকাশ পেলে পরিবারে চরম সংকট ও সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। স্বপ্ন পূরণ ও পারিবারিক মূল্যবোধের দ্বান্দ্বিক অবস্থান ঘিরেই এগিয়েছে সিরিজটির কাহিনী।

প্রজেক্টটি নিয়ে অভিনেত্রী সাদিয়া আয়মান জানান, নতুন এই ফরম্যাটের সঙ্গে যুক্ত হওয়া তার জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। ক্ষুদ্র ক্ষুদ্র পর্বে একটি পূর্ণাঙ্গ কাহিনী ফুটিয়ে তোলার চ্যালেঞ্জটি দর্শকদের নতুন আস্বাদ দেবে বলে তিনি আশাবাদী।

সিরিজটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন নাজিম ফারহান চৌধুরী। সহপ্রযোজক ও ক্রিয়েটর হিসেবে যুক্ত আছেন পুলক অনিল। দেশীয় ওটিটি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারের এই যুগে ‘সিলভার সাদিয়া’র মতো স্বল্পদৈর্ঘ্য সিরিজগুলো ভবিষ্যতে নতুন ধরনের গল্প বলার ধারা বা ‘শর্ট-ফর্ম স্টোরিটেলিং’-এর পথ আরও প্রশস্ত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সিরিজটি শীঘ্রই নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে অবমুক্ত করা হবে।

বিনোদন শীর্ষ সংবাদ