শিশু নির্যাতন-হত্যা নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন: মির্জা ফখরুল

শিশু নির্যাতন-হত্যা নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন: মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক

দেশে চলমান ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলোকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদি নৈতিক অবক্ষয় এবং মানবিক মূল্যবোধের পতনের ভয়াবহ প্রতিফলন বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। একই সাথে এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এবং শিশুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজ থেকে এই ধরনের নৃশংস অপরাধ নির্মূলে শুধু প্রচলিত আইন বা সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। এর জন্য একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। অপরাধের শিকড় উপড়ে ফেলতে পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠনসহ দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে স্থানীয় সরকার মন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার অর্থ হলো বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। নতুন প্রজন্মের মাঝে পারস্পরিক সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর প্রতি মর্যাদা শিক্ষার বিস্তৃতি ঘটাতে হবে। এই সামাজিক পরিবর্তনের সংগ্রামে সর্বস্তরের জনগণকে একসঙ্গে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশে শিশু নির্যাতন ও সামাজিক অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে নীতিগত পর্যায় থেকে সামাজিক আন্দোলনের এই আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেবল আইনি কঠোরতা নয়, বরং প্রাতিষ্ঠানিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

জাতীয় শীর্ষ সংবাদ