গণতন্ত্র সুসংহতকরণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য: স্পিকার

গণতন্ত্র সুসংহতকরণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য: স্পিকার

জাতীয় ডেস্ক

দেশের গণতন্ত্রকে সুসংহত করতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে বেগম খালেদা জিয়া ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ এবং সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত।

আজ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ছবির গল্প’ কর্তৃক প্রকাশিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বিজয় অর্জন করেছিল। এই স্বাধীনতার ঘোষণা প্রদানে বেগম খালেদা জিয়া তাকে অনুপ্রেরণা যুগিয়েছিলেন। তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তব্য শেষে স্পিকার আনুষ্ঠানিকভাবে বিশেষ বর্ষপঞ্জিটির মোড়ক উন্মোচন করেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আলোকচিত্রীসহ পুরো টিমকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে বেগম খালেদা জিয়ার ভূমিকা অগ্রগণ্য ছিল। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান তাঁর বক্তব্যে বলেন, প্রতিকূল ও রাজনৈতিক দুঃসময়ে বেগম খালেদা জিয়া অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে দলকে সুসংগঠিত রেখেছেন। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলীয় নেতৃত্বকে শক্তিশালী করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘ছবির গল্প’-এর উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. আহমেদ মোস্তফা নোমান এবং সমন্বয়ক সাদমান সাকিব। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

প্রকাশিত এই বর্ষপঞ্জিতে ‘ছবির গল্প’-এর প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের ক্যামেরায় ধারণকৃত আলোকচিত্র এবং টিমের লেখনীর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মজীবনের ১২টি বিশেষ দিক তুলে ধরা হয়েছে।

এর পাশাপাশি, অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে অতীতে চালানো বিভিন্ন প্রচারণার জবাবে প্রকৃত সত্য ও তথ্য তুলে ধরাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যবৃন্দ, ‘ছবির গল্প’ সংগঠনের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় শীর্ষ সংবাদ