সৌদি আরবের সঙ্গে মিল রেখে বোয়ালমারীতে ১০ গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বোয়ালমারীতে ১০ গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত

সারাদেশ ডেস্ক

সারা দেশে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বুধবার (২৭ মে) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অন্তত ১০টি গ্রামের আংশিক জনগোষ্ঠী ঈদুল আজহা উদযাপন করছেন। দীর্ঘদিনের প্রচলিত ধর্মীয় রীতির ধারাবাহিকতায় বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা এক দিন আগে রোজা এবং দুই ঈদ পালন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমরা, রাখালতলি এবং গঙ্গানন্দপুরসহ অন্তত ১০টি গ্রামের কিছু মানুষ চট্টগ্রামের মির্জাখিল শরীফের অনুসারী। তারা মূলত সৌদি আরবের চন্দ্রমাস ও ধর্মীয় উৎসবের সময়সূচি অনুসরণ করে থাকেন। প্রতি বছরের মতো এবারও এসব এলাকায় ঈদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সকাল থেকে উৎসবমুখর পরিবেশে নামাজ ও কোরবানি প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে স্থানীয় সহস্রাইল দায়রা শরীফ, রাখালতলি ও মাইটকুমরা মসজিদে পর্যায়ক্রমে চারটি প্রধান জামায়াতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রধান জামায়াতটি অনুষ্ঠিত হয় সহস্রাইল দায়রা শরীফে, যেখানে ইমামতি করেন ধলেরচর দরবার শরীফের পীর মুফতি মোহাম্মদ রাকিবুল হাসান। নামাজ শেষে মুসল্লিদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও করে মসজিদ কমিটি।

স্থানীয় শিক্ষাবিদ ও কাঁটাগড় গ্রামের বাসিন্দা মো. মাহিদুল হক জানান, মির্জাখিল শরীফের নির্দেশনা ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে এক দিন আগে ধর্মীয় আচার সম্পন্ন করছেন। বোয়ালমারীর পাশাপাশি পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার ধলেরচর গ্রামের কিছু মানুষও এই জামায়াতগুলোতে অংশ নেন। পূর্বে ধলেরচর মাদরাসা ঈদগাহ মাঠে পৃথক জামায়াত অনুষ্ঠিত হলেও, ইমামের মৃত্যুর পর সেখানকার মুসল্লিরা এখন সহস্রাইল দায়রা শরীফের জামায়াতে শরিক হচ্ছেন।

স্থানীয়দের মতে, এই অঞ্চলে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের প্রথা বহু বছরের পুরোনো। সংখ্যায় কম হলেও তারা নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যকে সমুন্নত রেখে প্রতি বছর আলাদা দিনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ঈদ পালন করে আসছেন। প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে।

শীর্ষ সংবাদ সারাদেশ