জাতীয় ডেস্ক
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি নারী নুরুন্নাহার নিম্নি। তিনি তৃতীয় বাংলাদেশি নারী এবং সামগ্রিকভাবে অষ্টম বাংলাদেশি হিসেবে এই গৌরব অর্জন করলেন। নেপাল সময় মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত তথা বুধবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে তিনি এভারেস্টের চূড়ায় (৮,৮৪৮.৮৬ মিটার) বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ান। নেপালের এভারেস্ট অভিযান পরিচালনাকারী সংস্থা ‘এইটকে এক্সপেডিশন’ এবং বাংলাদেশ মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এই আরোহণের তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার এবং একই বছরের ২৬ মে ওয়াসফিয়া নাজরীন বিশ্বজয় করেন। দীর্ঘ ১৪ বছর পর আবার কোনো বাংলাদেশি নারী এভারেস্টের শীর্ষে পা রাখলেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এভারেস্ট জয়ের উদ্দেশ্যে গত ১১ এপ্রিল নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছান নিম্নি। সেখান থেকে লুকলা হয়ে ধাপে ধাপে তিনি এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান। প্রয়োজনীয় অভিযোজন (অ্যাক্লিমেটাইজেশন) প্রক্রিয়া শেষ করে গত ১৭ মে চূড়ান্ত আরোহণের লক্ষ্যে বেজক্যাম্প ত্যাগ করেন তিনি। ২৩ মে তিনি সফলভাবে ক্যাম্প-৪-এ (সাউথ কোল) পৌঁছান এবং সেখান থেকে চূড়ার উদ্দেশ্যে রওনা হন। তবে তীব্র প্রতিকূল আবহাওয়ার কারণে সেবার তিনি ফিরে আসতে বাধ্য হন এবং পুনরায় ক্যাম্প-২-এ নেমে অবস্থান নেন। ২৫ মে আবহাওয়ার পূর্বাভাস অনুকূলে এলে তিনি নতুন করে যাত্রা শুরু করেন এবং ২৬ মে পুনরায় ক্যাম্প-৪-এ পৌঁছান। ২৬ মে সন্ধ্যায় সেখান থেকে চূড়ান্ত আরোহণ শুরু করে একজন নেপালি শেরপার সহযোগে ২৭ মে ভোরে সফলভাবে চূড়ায় আরোহণ করেন।
নুরুন্নাহার নিম্নি বর্তমানে পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন। তাঁর এই ঐতিহাসিক অভিযানের মূল পৃষ্ঠপোষক ছিল পূবালী ব্যাংক পিএলসি। রংপুরে বেড়ে ওঠা নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।
নিম্নির এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসের জন্য একটি বড় মাইলফলক। এটি দেশের নারী সমাজকে প্রতিকূলতা জয় করে বৈশ্বিক অঙ্গনে অবদান রাখতে গভীরভাবে অনুপ্রাণিত করবে বলে ক্রীড়া ও পর্বতারোহণ সংশ্লিষ্টরা মনে করছেন। নুরুন্নাহার নিম্নি বর্তমানে সুস্থ আছেন এবং তাঁর বেজক্যাম্পে ফিরে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।


