জিয়াউর রহমানের আদর্শ মুছে ফেলা যায়নি: নাটোরে হুইপ দুলু

জিয়াউর রহমানের আদর্শ মুছে ফেলা যায়নি: নাটোরে হুইপ দুলু

রাজনীতি ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নাটোর জেলা বিএনপির উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে তাঁর রাজনৈতিক আদর্শ ও চেতনাকে এ দেশের মানুষের মন থেকে মুছে ফেলা যায়নি। বরং সময়ের পরিক্রমায় তাঁর আদর্শ আরও সুদৃঢ় হয়েছে। তিনি উল্লেখ করেন, ৪৫ বছর আগে এক নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমানকে এ দেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নিশ্চিহ্ন করা। তবে ইতিহাস প্রমাণ করে যে, জনগণের সমর্থনে বিএনপি আজ দেশের অন্যতম বৃহত্তম ও প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত।

হুইপ দুলু তাঁর বক্তব্যে দলের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান রাজনৈতিক গতিধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, দেশের মানুষ বিভিন্ন সময় ব্যালটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিয়েছে এবং দলটিও জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের সার্বিক অবকাঠামোগত ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা দেশ পুনর্গঠন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় দর্শন এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক স্বনির্ভরতা ও গ্রামীণ উন্নয়নের যে ভিত্তি জিয়াউর রহমান স্থাপন করেছিলেন, তা আজও এ দেশের রাজনীতি ও অর্থনীতিতে প্রাসঙ্গিক। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

নাটোর জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে দলীয় আদর্শকে ধরে রাখতে হবে। আলোচনা সভায় নাটোর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

রাজনীতি শীর্ষ সংবাদ