ডিএনসিসির ১৮ হাজার টন বর্জ্য অপসারণ, ৬ হাটের পরিচ্ছন্নতা কাজ চলমান

ডিএনসিসির ১৮ হাজার টন বর্জ্য অপসারণ, ৬ হাটের পরিচ্ছন্নতা কাজ চলমান

জাতীয় ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় কোরবানির পশুর সিংহভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শনিবার (৩০ মে) রাতে গুলশানে ডিএনসিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, নগরবাসী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্ল্যানের মাধ্যমে এই বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ঈদের তৃতীয় দিন শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮২৭টি ট্রিপের মাধ্যমে ৩ হাজার ৫৫৩ টন বর্জ্য অপসারণ করা হয়। এর মাধ্যমে কোরবানির পর থেকে এ পর্যন্ত অপসারিত মোট বর্জ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৪ টনে। পাশাপাশি ডিএনসিসির ইজারাকৃত ১০টি পশুর হাটের মধ্যে ইতোমধ্যে ৪টি হাটের বর্জ্য সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে এবং বাকি ৬টি হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।

প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঈদের তৃতীয় দিনেও নগরের কিছু কিছু স্থানে কোরবানি দেওয়া হয়েছে। পশুর বর্জ্য যে পরিমাণই হোক না কেন, তা দ্রুততম সময়ের মধ্যে অপসারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বিভাগের সমন্বিত প্রচেষ্টা চলমান রয়েছে এবং দৈনিক গৃহস্থালি বর্জ্য অপসারণের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাওয়া হলে প্রশাসক স্পষ্ট করেন যে, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটির জন্য নয়, বরং নিয়মিত গৃহস্থালি বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং ভারপ্রাপ্ত সচিব মামুনুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় শীর্ষ সংবাদ