নোয়াখালীতে জুয়ার আসরের বিরোধ ঠেকাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীতে জুয়ার আসরের বিরোধ ঠেকাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

সারাদেশ ডেস্ক

নোয়াখালী সদর উপজেলায় জুয়ার আসর ও কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধ থামাতে গিয়ে মো. কামাল উদ্দিন (৫০) নামের এক গাছের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লচি সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন ওই এলাকার মৃত মো. সোলেমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও জুয়া খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঈদুল আজহার ছুটিতে স্থানীয় লচি সর্দার বাড়ির পেছনে একটি জুয়ার আসর বসানো হয়। এই আসরকে কেন্দ্র করে নিহতের ভাতিজা ফরহাদ ও তার সহযোগীদের সঙ্গে পার্শ্ববর্তী মিনু আলী হাজী বাড়ির রনি ও শামু পক্ষের বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার রাত সোয়া ৯টার দিকে লচি সর্দার বাড়িতে উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের মারধরের শিকার হন নিহতের ভাতিজা ফরহাদ। এ সময় ব্যবসায়ী কামাল উদ্দিন সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের ইমাম উদ্দিনের নেতৃত্বে একদল যুবক তার ওপর অতর্কিত চড়াও হয়। ঘটনার পরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ও স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. তোফায়েল জানান, প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। তার ভাই কামাল উদ্দিন হামলাকারীদের বাধা দিতে গেলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।

পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার ভিন্ন তথ্য উঠে এসেছে। সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্রাচার্য জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছিল। কামাল উদ্দিন ঝগড়া থামাতে গেলে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, সুরতহালে নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শীর্ষ সংবাদ সারাদেশ