জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

জাতীয় ডেস্ক

দেশের উচ্চশিক্ষা স্তরে দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষকের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বক্তারা দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে এই প্রশিক্ষণকে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও বিস্তৃত করতে বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, সিটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া, থাইল্যান্ডের সিনাওত্রা ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সলফোর্ড অন্যতম। এই আন্তর্জাতিক সহযোগিতার ফলে বাংলাদেশের শিক্ষার্থীরা বৈশ্বিক মানদণ্ডে নিজেদের যোগ্য করে গড়ে তোলার সুযোগ পাবেন।

দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের গুরুত্ব বিবেচনা করে ভাষাগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। উপাচার্য উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সংগতি রেখে এবং আন্তর্জাতিক বাজারে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে জাতীয় বিশ্ববিদ্যালয় ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করছে।

ভাষাগত এই দক্ষতা অর্জনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে। এর পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের বিভিন্ন কলেজগুলোতে শিক্ষার্থীদের ভাষা চর্চার সুবিধার্থে গত তিন মাস ধরে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’ গঠনের কাজ চলমান রয়েছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের বৃহত্তম এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষকের দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ পরোক্ষভাবে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাডেমিক সম্পর্ক স্থাপন এবং বহুমুখী ভাষা শিক্ষার এই প্রয়াস দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

জাতীয় শীর্ষ সংবাদ