মীরসরাইয়ে রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ: ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ ব্যাহত

মীরসরাইয়ে রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ: ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ ব্যাহত

সারাদেশ ডেস্ক

চট্টগ্রামের মীরসরাইয়ে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রবিবার সকাল ৯টার দিকে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকার একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, সকালে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকা অতিক্রম করছিল। এ সময় একটি বালুভর্তি ট্রাক অবৈধ ও অরক্ষিত একটি লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি দুমড়েমুচড়ে লাইনের ওপর আটকে থাকে। ঘটনার পরপরই ট্রাকচালক ও সহকারী পালিয়ে যান।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সংঘর্ষের কারণে ট্রেনের লোকোমোটিভ বা ইঞ্জিনের সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ট্রেনের গতি তুলনামূলক কম থাকায় এবং বগি লাইনচ্যুত না হওয়ায় বড় ধরনের কোনো বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। লাইনের ওপর থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে।

এদিকে এই দুর্ঘটনার কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে চট্টগ্রামমুখী ‘সাগরিকা কমিউটার’ বড়তাকিয়া স্টেশনে, ঢাকাগামী ‘বিজয় এক্সপ্রেস’ চিনকি আস্তানা স্টেশনে, কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ফেনী স্টেশনে এবং ঢাকাগামী আন্তঃনগর ‘সোনার বাংলা এক্সপ্রেস’ লাকসাম জংশন পার হয়ে ডাউন লাইনে আটকা পড়ে আছে।

রেলওয়ে কন্ট্রোল রুম জানিয়েছে, লাইন পুরোপুরি পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরও কিছু সময় লাগতে পারে। অরক্ষিত ক্রসিংয়ে এই ধরনের দুর্ঘটনার কারণে রেলওয়ের সিডিউল বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চালাচ্ছে।

শীর্ষ সংবাদ সারাদেশ