পুলিশকে আরও গতিশীল ও আইন শৃঙ্খলায় উদ্বুদ্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে আরও গতিশীল ও আইন শৃঙ্খলায় উদ্বুদ্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 অপরাধ ডেস্ক

পুলিশ বাহিনীকে আরও গতিশীল, উৎসাহিত ও আইন শৃঙ্খলায় উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুলিশের বিশেষ কাজের মূল্যায়ন ও পুরস্কৃত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি পাবে, যা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আরও জোরালো ভূমিকা রাখতে সহায়তা করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে তিনটি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর ঘটনায় সাহসিকতা এবং দক্ষতার পরিচয় দেওয়া ১৫ জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়েছে। বিভাগীয় তহবিল থেকে পুরস্কৃত প্রত্যেক সদস্যকে ২০ হাজার টাকা ও সম্মাননা সনদ দেওয়া হয়। এছাড়া কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে কয়েকজনকে বিশেষ ব্যাজ প্রদান করা হয়েছে।

পুরস্কৃত হওয়া ঘটনাগুলোর মধ্যে রয়েছে— দ্রুততম সময়ে রামিসা হত্যাকাণ্ড তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সময়োচিত ও ব্যতিক্রমী ভূমিকার মাধ্যমে যাত্রীদের প্রাণ রক্ষা করা এবং মুন্সিগঞ্জের চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার চার আসামিকে দ্রুততম সময়ে গ্রেফতার করা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের এ ধরনের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও আর্থিক প্রণোদনা বাহিনীর সামগ্রিক জবাবদিহিতা বৃদ্ধি করবে। একই সঙ্গে অপরাধ দমনে পেশাদারিত্ব বজায় রাখতে এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে পুরো বাহিনীকে আরও বেশি অনুপ্রাণিত করবে।

জাতীয় শীর্ষ সংবাদ