২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি বিষয়ে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট বোর্ডগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের একটি নিয়ম রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রস্তুত ও প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে। ফলাফল প্রকাশের দিন সকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হবে এবং একই সাথে শিক্ষার্থীরা অনলাইনে ও মুঠোফোনে ফল জানতে পারবে।

নির্দিষ্ট সময়ে ফলাফল প্রকাশ প্রক্রিয়া সম্পন্ন হলে উচ্চমাধ্যমিক স্তরে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম যথাসময়ে শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা। এতে শিক্ষাবর্ষের স্বাভাবিক গতি বজায় থাকবে এবং সেশনজট কমানো সম্ভব হবে।

জাতীয় শীর্ষ সংবাদ