ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় ডেস্ক

ঢাকা: দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ডেঙ্গু মৌসুম বা প্রাদুর্ভাবের সময় হাসপাতালে রোগীর চাপ বাড়লে যেকোনো জরুরি চিকিৎসাসামগ্রীর চাহিদা তাৎক্ষণিকভাবে পূরণে সরকার প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাবকালে হাসপাতালে চিকিৎসাকাজে যেকোনো কিছুর প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা চাহিদার কথা তাৎক্ষণিকভাবে জানালে সরকার সঙ্গে সঙ্গে তা সরবরাহ করবে। চিকিৎসাসেবায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে মন্ত্রণালয় সর্বোচ্চ সর্তক রয়েছে। একই সঙ্গে চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, যেন কোনো ধরনের অবনতি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও সামাজিক অংশগ্রহণের ওপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি এডিস মশার প্রজনন রোধে যার যার অবস্থান থেকে সবাইকে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার না হলে কেবল হাসপাতালভিত্তিক চিকিৎসা দিয়ে ডেঙ্গু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা চ্যালেঞ্জিং হবে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দিকনির্দেশনা স্মরণ করে দেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে অবদান রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

জাতীয় শীর্ষ সংবাদ