পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন গ্রেপ্তারের বিষয়টি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে প্রভাবশালী আইজিপি’ বেনজীর আহমেদ বর্তমানে ইউএই পুলিশের হেফাজতে রয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে দেশে ফেরানোর মিশন নিয়ে কাজ শুরু হচ্ছে। এ বিষয়ে নথিপত্রও প্রস্তুত করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশে যাত্রা করার সময় দুবাইয়ে ট্রানজিটে গ্রেপ্তার হন তিনি। দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের কাছে বাংলাদেশের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বেনজীর আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সাবেক পুলিশ প্রধানের। সে অনুযায়ী, নির্ধারিত ফ্লাইটে অন্যদের সঙ্গে তিনিও দুবাই বিমানবন্দরে নামেন। এ সময় বিমানবন্দরের এআই ক্যামেরা তার চেহারা স্ক্যান করে দুবাই পুলিশের ইন্টারপোল শাখায় নোটিস করে। পরে তারা এসে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে।বিস্তারিত


