জাতীয় ডেস্ক
রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে ঢাকার চারটি আন্তঃনগর বাস টার্মিনাল অতিদ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানের ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। মহাখালী বাস টার্মিনালটি সাময়িকভাবে পূর্বাঞ্চলে এবং পরবর্তীতে স্থায়ীভাবে টঙ্গীর কাছে সরিয়ে নেওয়া হবে। গাবতলী আন্তঃনগর বাস টার্মিনালটি হেমায়েতপুরে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনালটি কাঁচপুরে স্থানান্তরিত হবে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ট্রাফিক সিগন্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিচালিত ক্যামেরা স্থাপনের সুফল নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। ঢাকার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও যানজট দূরীকরণে এটি ছিল প্রধানমন্ত্রীর তৃতীয় সমন্বয় সভা।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যথাক্রমে আব্দুস সালাম ও শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশেষজ্ঞদের মতে, টার্মিনালগুলো শহরের সীমানার বাইরে চলে গেলে ঢাকার প্রবেশমুখগুলোর ওপর গণপরিবহনের অতিরিক্ত চাপ কমবে, যা দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


