শ্রীমঙ্গলে সরকারি অনুদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে সরকারি অনুদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে অনুদান, ফ্যামিলি কার্ড এবং টেকসই আবাসন বরাদ্দ পত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে আকাশপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গলে এসে তিনি এই কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইলপুর গ্রামের ১৫৫ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এই কার্ড বিতরণ করা হচ্ছে।

পাশাপাশি, জটিল ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নাগরিকদের চিকিৎস সহায়তার অংশ হিসেবে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ জন সদস্যকে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান এবং এই সম্প্রদায়ের ৫ জন শিক্ষার্থীকে সমপরিমাণ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

সামাজিক পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় এলাকার দুঃস্থ, অসহায়, অসুস্থ, বিশেষ চাহিদাসম্পন্ন এবং গৃহহীন ১০০ জন ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এছাড়া চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও টেকসই আবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে ৫ জন চা-শ্রমিকের হাতে ২ লাখ টাকা করে অনুদানের বরাদ্দ পত্র তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর এই সফর ও অনুষ্ঠানকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়। সমাবেশস্থলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, অনুষ্ঠান শেষে বিকেল পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে সড়কপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে রাত সাড়ে ৮টায় বিমানযোগে তাঁর ঢাকায় প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ