বনানীতে পাওনা টাকাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে ছুরিকাঘাত

বনানীতে পাওনা টাকাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে ছুরিকাঘাত

অপরাধ ডেস্ক

রাজধানীর বনানীতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে একই পরিবারের নারীসহ তিনজনকে ছুরিকাঘাত ও মারধর করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস মোড় এলাকার শিশু মেলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সুমন মিয়া পরিবারসহ মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে মহাখালী ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুমন মিয়ার সঙ্গে আরিফ নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। তর্কাতর্কির একপর্যায়ে আরিফসহ ৮ থেকে ১০ জনের একটি দল সুমন ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে বলে জানা গেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা অভ্যন্তরীণ কোন্দল রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর পরই জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাজধানী শীর্ষ সংবাদ