দেশে ফিরেই শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে ফিরেই শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়  ডেস্ক

মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে নিজের প্রথম বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পরদিনই তিনি রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (২৭ জুন) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র ফাতিহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

রাষ্ট্রীয় এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মালয়েশিয়া ও চীনে এই গুরুত্বপূর্ণ সফরটি অনুষ্ঠিত হয়। দুই দেশের শীর্ষ নেতৃত্বের সাথে ফলপ্রসূ আলোচনা শেষে দেশে ফিরেই জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে সংসদে যাওয়ার আগে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি মাজার কমপ্লেক্সে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া সম্পন্ন করেন। রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এই প্রথম বিদেশ সফর এবং দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগদানের পূর্বে জিয়া উদ্যান পরিদর্শনের ঘটনাটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জাতীয় শীর্ষ সংবাদ