ইসরায়েলে ইরানি গুপ্তচর সন্দেহে মার্কিন নাগরিক গ্রেপ্তার, পরমাণু চুক্তির সময়সীমা বাড়াতে চান ট্রাম্প

ইসরায়েলে ইরানি গুপ্তচর সন্দেহে মার্কিন নাগরিক গ্রেপ্তার, পরমাণু চুক্তির সময়সীমা বাড়াতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, তেহরানের সাথে সর্বাত্মক সংঘাত এড়িয়ে পরমাণু চুক্তির আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ৯ জুন ইসরায়েলের জেরুজালেম এলাকা থেকে ২০ বছর বয়সী এক মার্কিন যুবককে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। তার বিরুদ্ধে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার ছবি ও ভিডিও ধারণ করে তেহরানের এক এজেন্টের কাছে পাঠানোর অভিযোগ রয়েছে। প্রতিটি কাজের বিনিময়ে তিনি কয়েক শত মার্কিন ডলার পেতেন। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে আনুষ্ঠানিক চার্জশিট দাখিলের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে তেলআবিবের মার্কিন দূতাবাস এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সাথে চলমান পরমাণু চুক্তির আলোচনার সময়সীমা আগামী ১৮ আগস্টের পর আরও বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে আলোচনা করলেও, শেষ পর্যন্ত সর্বাত্মক যুদ্ধের পথ পরিহার করে কূটনীতিতেই আস্থা রাখছে। তবে ইরান যদি সমঝোতা স্মারক (MOU) লঙ্ঘন করে, তবে বড় ধরনের যুদ্ধের পরিবর্তে সুনির্দিষ্ট ও সীমিত আকারের হামলার পথ খোলা রাখছেন ট্রাম্প। হোয়াইট হাউস যুদ্ধ পুরোপুরি এড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে সাময়িক উত্তেজনা প্রশমন ও বিশ্ববাজারে স্থিতিশীলতা আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ