জাতীয় ডেস্ক
চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৮ জুন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপের দেশ দুটিতে যান সেনাবাহিনী প্রধান। সফরকালে তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও মতবিনিময় করেন।
সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সঙ্গে দেশ দুটির প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। এই লক্ষ্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন। আধুনিক সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে উভয় দেশের কর্মকর্তাদের সাথে তার বিস্তারিত আলোচনা হয়।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপের এই দুই দেশের সঙ্গে সামরিক স্তরের এই যোগাযোগ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ (ফোর্সেস গোল) প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে। সামরিক সরঞ্জাম সংগ্রহ, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং যৌথ প্রশিক্ষণের ক্ষেত্রে এই সফর নতুন দিগন্তের উন্মোচন করতে পারে, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতাকে আরও সুসংহত করবে।


