জাতীয় ডেস্ক
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের যেকোনো অপরাধ সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে স্থানীয় আইন কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য প্রবাসীদের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। গত সোমবার (৬ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে অবস্থানকালে কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে প্রবাসীরা যেন কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেন। এ ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সহায়তার জন্য দেশটির জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার জন্য প্রবাসীদের পরামর্শ দিয়েছে দূতাবাস।
কূটনৈতিক সূত্র জানায়, সৌদি আরবের প্রচলিত আইন অত্যন্ত কঠোর। দেশটির আইনি কাঠামো অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও তাকে সাধারণ নাগরিক বা কোনো সংগঠন কর্তৃক নিজ দায়িত্বে আটক রাখা, জিজ্ঞাসাবাদ করা কিংবা শারীরিক নির্যাতন করা সম্পূর্ণ বেআইনি এবং গুরুতর দণ্ডনীয় অপরাধ। অনেক সময় প্রবাসীরা অজ্ঞতাবশত বা আবেগতাড়িত হয়ে নিজেরা সালিশ-বিচার বা অভিযুক্তকে শাস্তির মুখোমুখি করার চেষ্টা করেন, যা তাদের বড় ধরনের আইনি ঝুঁকিতে ফেলে দেয়। এই প্রবণতা রোধ করতেই দূতাবাস এই কঠোর অবস্থান নিয়েছে।
বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন, সংস্কৃতি ও সামাজিক নিয়মকানুন বজায় রেখে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং উদ্ভূত যেকোনো সমস্যায় দূতাবাসের আইনগত সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


