স্টার্টআপ বিকাশকে গতিশীল করতে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল (স্টার্টআপ ফান্ড) গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টার্টআপ বিকাশকে গতিশীল করতে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল (স্টার্টআপ ফান্ড) গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে ৫০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নতুন উদ্যোক্তাদের আশ্বস্ত করে বলেছেন, সম্ভাবনাময় ও নতুন উদ্যোক্তাদের বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্টার্টআপ ও নতুন ব্যবসা শুরুর কঠিন চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন। তিনি বলেন, নতুন উদ্যোক্তাদের পথচলা অত্যন্ত কঠিন ও প্রতিকূলতাপূর্ণ। তবে দৃঢ় ইচ্ছাশক্তি ও ধৈর্যের মাধ্যমে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। দেশের লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি তাঁদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপন, প্রয়োজনীয় সম্পদ নিশ্চিতকরণ এবং সার্বিক প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের লক্ষ্যে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ (startup.ictd.gov.bd) উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সফল স্টার্টআপ উদ্যোক্তাদের সঙ্গে এক মুক্ত আলোচনায় অংশ নেন এবং তাঁদের মতামত শোনেন। নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, কর্মজীবনের শুরুতে তিনি নিজেও ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন, যা পরবর্তীতে রাজনৈতিক জীবনের কঠিন পরিস্থিতিতে তাঁকে ধৈর্য ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, প্রতিকূলতা আসবেই, তবে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে তরুণ উদ্যোক্তাদের পাশে থাকবে যাতে তারা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহণের যোগ্য হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। অনুষ্ঠানে দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী এবং সফল উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বৈশ্বিক শ্রমবাজারের প্রতিযোগিতায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অপর এক কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের দেশব্যাপী চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন বিডি ক্লিনের সাবেক প্রধান সমন্বয়ক চম্পা আক্তার, জহিরুল ইসলাম রবি এবং বর্তমান প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান। প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের কাজের প্রশংসা করে পরিবেশ রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারণের নির্দেশ দেন। প্রতিনিধিদলের সদস্যরাও রাজধানী ঢাকাসহ সারা দেশকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব করতে তাঁদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০১৬ সালে যাত্রা শুরু করা স্বেচ্ছাসেবী এই সংগঠনটি বর্তমানে দেশের ৫৮টি জেলায় ৫৮ হাজারের বেশি সদস্য নিয়ে পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা নিশ্চিতে ভূমিকা রাখছে।

জাতীয় শীর্ষ সংবাদ