পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কে হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ছিল। শুক্রবার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অমিত শাহ রাজ্যে এসে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ২০৭ জন বিধায়ক সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে তাদের নেতা হিসেবে নির্বাচিত করেন। দলীয় এই সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। আজই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবেন তিনি।

শুভেন্দু অধিকারীর এই উত্থানের পেছনে টানা দুই নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার জয়কে মূল কারণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে পরাজিত করে প্রথম চমক দিয়েছিলেন শুভেন্দু। এবারের নির্বাচনে তিনি ভবানীপুর ও নন্দীগ্রাম—উভয় আসনেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। ভবানীপুরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারেরও বেশি ভোটে এবং নন্দীগ্রামে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।

ধারাবাহিক এই জয় এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করার সক্ষমতা তাকে দলের ভেতরে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। বিজেপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের মতে, পশ্চিমবঙ্গ শাসনের জন্য এই মুহূর্তে শুভেন্দু অধিকারীই সবচেয়ে যোগ্য এবং প্রভাবশালী মুখ।

শনিবারের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় বিজেপি নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই পালাবদলের ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যা দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক সমীকরণকে বদলে দিতে পারে। দীর্ঘ কয়েক দশকের বাম ও তৃণমূল শাসনের পর এই প্রথম কোনো ডানপন্থী দল রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে, যার কেন্দ্রে থাকছেন নন্দীগ্রামের এই হেভিওয়েট নেতা।

আন্তর্জাতিক খেলাধূলা শীর্ষ সংবাদ