সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ শুরু, মোট আকার ৯.৩৮ লাখ কোটি টাকা

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ শুরু, মোট আকার ৯.৩৮ লাখ কোটি টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় নতুন সরকারের প্রথম এবং দেশের ৫৫তম এই বাজেট প্রস্তাব উত্থাপন প্রক্রিয়া শুরু হয়। ‘অর্থনৈতিক গণতন্ত্রীকরণ ও বিনিময় নিয়ন্ত্রণমুক্তকরণ: ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বাংলাদেশের যাত্রা’ শীর্ষক মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে।

এর আগে, সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি (৯.৩৮ ট্রিলিয়ন) টাকার এই বিশাল বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এটি দেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট। মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্মতি স্বাক্ষরের পর তা সংসদে উপস্থাপনের জন্য আনা হয়।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংকিং খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান খাত থেকে ১ লাখ ৯ হাজার ৮৫০ কোটি টাকা সংস্থানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন রাজনৈতিক বাস্তবতায় নির্বাচিত সরকারের এই প্রথম বাজেটকে দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলকরণ, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বৃদ্ধির একটি অন্যতম প্রধান কৌশল হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। আগামী ৩০ জুন এই বাজেট পাস হওয়ার কথা রয়েছে এবং ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ