জাতীয় ডেস্ক
রাজধানীসহ সারা দেশের যানজট নিরসন এবং বিদ্যমান ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
সভায় দেশের পরিবহন খাতের বিদ্যমান সংকট, নগরায়নের ফলে সৃষ্ট যানজট এবং তা নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে রাজধানী ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ডিজিটালাইজড করা, স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার কার্যকর প্রয়োগ এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি সচল রাখতে এবং কর্মঘণ্টার অপচয় রোধে একটি সুপরিকল্পিত ও আধুনিক ট্রাফিক কাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হলে যানজট পরিস্থিতির টেকসই সমাধান সম্ভব। সচিবালয়ে অনুষ্ঠিত এই নীতি-নির্ধারণী সভায় সড়ক ও পরিবহন খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং উদ্ভূত সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়।


