জাতীয় ডেস্ক
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে একটি রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে দেশটির দালিয়ান শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এই ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এই নৈশভোজে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভসহ আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং সমসাময়িক বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের মধ্যে অনানুষ্ঠানিক ও উন্মুক্ত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় দুই দিনের দ্বিপক্ষীয় সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে স্বাগত জানানো হয়। আজ সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের মূল অধিবেশনে যোগ দেওয়ার পর, দুপুরে বুলেট ট্রেনে তাঁর বেইজিং সফরের কথা রয়েছে। যেখানে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


