জাতীয় সংসদ ডেস্ক
জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি, কৃষি, ক্রিয়েটিভ ইকোনমি, শিক্ষা এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যসহ উত্তরাঞ্চলের সাধারণ মানুষের পানি ও তিস্তা নদী নিয়ে যে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে, বর্তমান সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এর স্থায়ী সমাধানে বদ্ধপরিকর।
উত্তরাঞ্চলের পানির অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের দুটি প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে পদ্মা ও তিস্তা নদী। বর্তমান সরকার বরাবরই কৃষি ও কৃষিবান্ধব নীতি অনুসরণ করে এবং জনগণের পানির অধিকার নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও জানান, বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে যেন কৃষকরা নিরবচ্ছিন্ন সেচ সুবিধা ও পানির সরবরাহ পান, সেজন্য সরকার ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের উত্তরাঞ্চলে দীর্ঘদিনের চলমান পানির সংকট নিরসন হবে। একই সঙ্গে শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটায় কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে।


