তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি’; মাঠে ফুটবল তারকা হামজা চৌধুরী

তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি’; মাঠে ফুটবল তারকা হামজা চৌধুরী

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের তৃণমূল পর্যায়ে তরুণ প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ ও দক্ষ অ্যাথলেট অন্বেষণে সরকার দেশব্যাপী শুরু করেছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। এই আয়োজনের অংশ হিসেবে আজ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন বর্তমান বিশ্ব ফুটবলের পরিচিত মুখ ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। সরকারের এই উদ্যোগকে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ নির্মাণে একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

চার দিনের সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন হামজা চৌধুরী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিশেষ আমন্ত্রণে তিনি আজ বিকেলে ক্রিকেট ইভেন্ট পরিদর্শনে যান। মাঠের কার্যক্রমে যোগ দিয়ে হামজা চৌধুরী উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে বলেন, “এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। এমন উদ্যোগ আগামী প্রজন্মের অ্যাথলেটদের দারুণভাবে অনুপ্রাণিত করবে। তরুণদের জন্য এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।”

প্রতিযোগিতার মূল লক্ষ্য সম্পর্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, সরকার ফুটবল, ক্রিকেট ও দাবাসহ বিভিন্ন ডিসিপ্লিনে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে কাজ করছে। তিনি বলেন, “ব্যস্ত সূচির মাঝেও হামজার উপস্থিতি তরুণ খেলোয়াড়দের জন্য বড় উৎসাহ। আমরা চাই এ ধরনের কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবীরা উঠে আসুক এবং বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করুক।”

অনুষ্ঠানে হামজা চৌধুরীর উপস্থিতি ঘিরে ভক্ত ও ক্রীড়ানুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। দুপুরের পর থেকেই শারীরিক শিক্ষা কলেজ মাঠে ভিড় বাড়তে থাকে। ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আয়োজকদের। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকেও সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে হামজা চৌধুরী ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠে গিয়ে ক্রিকেটারদের সাথে পরিচিত হন এবং কিছুক্ষণ খেলা উপভোগ করেন।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ মূলত দেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এর মাধ্যমে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, যেখান থেকে প্রতিভাবানদের বাছাই করে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়ের অংশগ্রহণ এই কর্মসূচির গুরুত্ব যেমন বাড়িয়েছে, তেমনি উদীয়মান খেলোয়াড়দের মানসিকভাবে শক্তিশালী করবে।

আগামীকাল সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে হামজা চৌধুরীর। তার এই সফরের সংক্ষিপ্ত উপস্থিতিকে বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে একটি ইতিবাচক প্রচার হিসেবে দেখছে মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূলের এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে।

খেলাধূলা শীর্ষ সংবাদ