ব্ল্যাক বেঙ্গল ছাগল ও ভেড়া সম্প্রসারণ প্রকল্প দেশের সব জেলায় চালুর নির্দেশ

ব্ল্যাক বেঙ্গল ছাগল ও ভেড়া সম্প্রসারণ প্রকল্প দেশের সব জেলায় চালুর নির্দেশ

অর্থ ও বাণিজ্য ডেস্ক

দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণে পাইলট প্রকল্প’ পর্যায়ক্রমে দেশের সব জেলায় সম্প্রসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই নির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) সেমিনার হলে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ব্ল্যাক বেঙ্গল ছাগল দ্রুত বংশবিস্তার ও উন্নত মাংসের গুণগত মানের কারণে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি লাভজনক জীবিকার উৎস। প্রান্তিক জনগোষ্ঠীকে এই খাতে দক্ষ করে তুলতে পারলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে অতীতে দেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হওয়ার চিত্র এবং বর্তমান সরকারের বিভিন্ন আর্থিক সংস্কারমূলক পদক্ষেপের কথা উল্লেখ করা হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এছাড়া প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের কারিগরি দিক উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মো. আনিছুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক ফরিদা ইয়াসমিন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক এবং খামারিরা উপস্থিত ছিলেন।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ