জাতীয় ডেস্ক
বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষাসহ শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তির উন্নয়নে ফ্রান্সের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে উভয় পক্ষ শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে দেশের শিক্ষাব্যবস্থায় তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করার সরকারি উদ্যোগের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। ফরাসি ভাষাকে এই তালিকার অন্যতম প্রধান বিকল্প হিসেবে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ফরাসি ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণে ফ্রান্সের কার্যকর সহযোগিতা চাওয়া হয়।
অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের বিনিয়োগবান্ধব বাজেট ও ব্যবসাবান্ধব নীতিমালার বিভিন্ন দিক রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ফ্রান্সের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের বাংলাদেশের উদীয়মান খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।
উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে বৃত্তির সুযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দ্বিপক্ষীয় সম্পর্ককে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় পক্ষ যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
বৈঠকে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রিজিওনাল ইকোনমিক ডিপার্টমেন্টের প্রধান ফ্লোরেন্ট ম্যানগিন উপস্থিত ছিলেন।


