পরিবেশ ডেস্ক
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধায় ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে শহরের ব্রিজ রোড সংলগ্ন পরিবর্তন পাঠাগার চত্বরে পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আম, জাম, লিচু, পেয়ারা ও আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় পরিবেশপ্রেমীরা।
বৃক্ষরোপণ শেষে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, ইব্রাহিম খলিল নান্নু, বীর মুক্তিযোদ্ধা মারুফ আক্তার, সাহানা বিনতে আজিজ মিতা, রিকতু প্রসাদ ও নাবিল আহমেদসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।
আলোচনায় বক্তারা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অপরিহার্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। জলবায়ু পরিবর্তন রোধ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণকে সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়। একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ এবং একই সাথে সেটির যথাযথ পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, ফলদ ও বনজ বৃক্ষ কেবল প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও বড় অবদান রাখে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনেও ফলদ বৃক্ষের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বেগবান করার তাগিদ দিয়ে সভা সমাপ্ত করা হয়।


