কাতারে গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারে গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাসলাফফান গ্যাসক্ষেত্রে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় রাজধানী দোহাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আবাসিক এলাকার ভবনগুলো কেঁপে ওঠে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং ১৮ জন এখনো নিখোঁজ রয়েছেন।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, দেশের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল রাসলাফফানের ভেতরে একটি কারিগরি বা প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিস্ফোরণটি ঘটেছে। প্রাথমিক তথ্যে এটিকে অন্য কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ মনে করা হলেও সরকারি বিবৃতিতে এটি সম্পূর্ণ কারিগরি ত্রুটিজনিত দুর্ঘটনা বলে নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই কাতারের বিশেষ উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আহত ৫৪ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজ ১৮ জনের সন্ধানে গ্যাসক্ষেত্রের ভেতরে ও আশপাশে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। কাতার পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি অবরুদ্ধ করে তল্লাশি চালাচ্ছে।

কর্তৃপক্ষ ও গ্যাসক্ষেত্র ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে মূল প্ল্যান্টের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও দুর্ঘটনাস্থলের বাইরে কোনো বিষাক্ত গ্যাস বা বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়েনি। ফলে আশেপাশের এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য নতুন কোনো ঝুঁকি নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং প্ল্যান্টের অন্যান্য অংশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুর্ঘটনার মূল কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কাতার সরকার।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ