জাতীয় ডেস্ক
সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর এবং সড়ক দুর্ঘটনা রোধে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি দেশের সব চালককে বিদ্যমান আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে। ট্রাফিক আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা-১১ (১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে সর্বমোট ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। সড়ক ও মহাসড়কে কোনো চালক আইন অমান্য করলে কিংবা নির্দিষ্ট ধারা লঙ্ঘন করলে প্রচলিত নিয়মে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত শাস্তি হিসেবে তার লাইসেন্স থেকে এই দোষসূচক পয়েন্ট কর্তন করা হচ্ছে। কোনো চালকের সব পয়েন্ট কাটা গেলে তার লাইসেন্সটি স্থায়ী বা সাময়িকভাবে বাতিল করার বিধান রয়েছে এই আইনে।
কর্তৃপক্ষ জানায়, আধুনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে বর্তমানে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে পয়েন্ট কাটার প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে। এর ফলে কোনো চালক ট্রাফিক আইন অমান্য করলে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিআরটিএ-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা অ্যাপের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে পয়েন্ট কেটে নিতে পারছেন। সড়ক দুর্ঘটনা হ্রাস, চালকদের ট্রাফিক সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সব চালককে ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করার কঠোর নির্দেশ দিয়েছে বিআরটিএ।


