আজিমপুরে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার

আজিমপুরে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার

আওয়ামী লীগের এই ৪ সদস্যকে ‘স্থানীয়দের সহায়তায়’ পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাজধানীর আজিমপুর এলাকায় ‘গোপন বৈঠকে’ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।

রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন-মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।

আকতার হোসেন বলেন, শনিবার রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর আলম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অন্য দুজন রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন গ্রেপ্তার ব্যক্তিরা।

পরদিন সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে আকতার হোসেন জানিয়েছেন।

ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা,নাকি আটকে আছেন শর্তের জালে?

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা

স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ

ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক

জাতীয়