বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সতর্কতার পর সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে আড়াই দিন বন্ধ রাখার পর আজ রোববার সকাল ৮টায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগের দিন তিনি জানিয়েছিলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় ব্যাংক। নিরাপত্তা নিশ্চিত করতে ওয়েবসাইটটি চালু করা হয়নি।
গত বৃহস্পতিবার দুপুর থেকে ওয়েবসাইটটি বন্ধ ছিল। এ সময় ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজের জন্য সেবাটি সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং শিগগিরই চালু হবে বলে একটি বার্তা দেখানো হচ্ছিল।
তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানান আরিফ হোসেন। ওয়েবসাইট চালুর নির্দিষ্ট সময় উল্লেখ না করে তিনি বলেছিলেন, ‘আমাদের তথ্যপ্রযুক্তি বিভাগ এ নিয়ে কাজ করছে।’
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সরঞ্জাম ব্যবহার করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ এসব ত্রুটি শনাক্ত করে। ত্রুটিগুলো সমাধানে নিরাপত্তা প্যাচ প্রকাশ করা হলেও সেগুলো পুরোপুরি প্রয়োগের আগেই দুর্বলতাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে।
এর আগেও বড় ধরনের সাইবার নিরাপত্তা জটিলতার মুখে পড়েছে বাংলাদেশ ব্যাংক। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ১০ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয়। ওই ঘটনার পর তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।
এ ছাড়া, ২০২৩ সালে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংক তাদের কয়েকটি অভ্যন্তরীণ ওয়েবভিত্তিক সেবা ৩৬ ঘণ্টার জন্য বন্ধ রেখেছিল।

