প্যাভিলিয়নে শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী উপস্থিত হলে তাদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ সরকারপ্রধান।
ছবি: বিএনপির ফেইসবুক পেইজ থেকে নেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
তুরস্কের আনতালিয়ার জলবায়ু সম্মেলন স্থলে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন বলে তার উপপ্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব পাটজাত পণ্য দেখেন। এসময় প্যাভিলিয়ন পরিদর্শনে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী উপস্থিত হন। তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে তাদের আগ্রহের কথা জানতে চান তিনি।”
উপ প্রেস সচিব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেছেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে যাতে পৃথিবীর পরিবেশ রক্ষা করা যায় এবং মানুষ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে।”
এর আগে জুট প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্যাভিলিয়নে ব্যাগ, বিভিন্ন ছোট সামগ্রী, জুতা ও ব্লেজারসহ ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে।
প্যাভিলিয়নের কর্মকর্তারা বলেন, বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।
প্যাভিলিয়ন পরিদর্শনের সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
জাতীয় মঞ্চে প্রদর্শনী, চলনবিলে শামুক কুড়ানো আদিবাসীর হাতে হাতকড়া
মৃত পথকুকুরের ছানাকে বাঁচাবার আর্জি: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
আমাদের রাজনৈতিক ঐতিহ্য বোমা আর আগুন সন্ত্রাস
বিবাহ নিবন্ধন: নাগরিক অধিকার, রাজস্ব ও জবাবদিহির উপেক্ষিত অধ্যায়

