এক্সপো উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক অংশীদারত্ব বাড়াতে স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের রাজধানী সেভিয়ায় শুরু হয়েছে ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’।
স্থানীয় সময় সোমবার সকালে হোটেল সেভিয়া সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এ মেলার আয়োজক ‘স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এসবিসিসিআই)।
দিনের শুরুতে এক্সপো উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তারপর তিনি বাংলাদেশি ও স্প্যানিশ উদ্যোক্তাদের স্টলগুলো ঘুরে দেখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ অনুবিভাগের মহাপরিচালক মো. মোশারফ হোসেন এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি মাহমুদ হাসান খান।
আয়োজক সংগঠন এসবিসিসিআই-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান এবং মহাসচিব আশিক এলাহী চৌধুরী
এছাড়া স্পেন সরকারের প্রতিনিধি ও বাণিজ্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আন্দালুসিয়া রাজ্য সরকারের কর্মসংস্থান ও ব্যবসা বিষয়ক মন্ত্রী রোসিও ব্লানকো এগুরেন, মাদ্রিদের সেনেটর ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি এন্টোনিও গুতেরেজ লিমনিস, পানামা জেলার উপ-মেয়র আলবার্ট পিমেন্টাল এবং সেভিয়া সিটি কাউন্সিল ডিরেক্টর মানুয়েল পারেজো গুজমান।
উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেন, স্পেনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও পাদুকা শিল্পে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির সুযোগ আছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে অংশগ্রহণকারী বাংলাদেশি ও স্প্যানিশ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি দলকে সনদপত্র ও অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। বিকেলে এক্সপোর অন্যতম মূল আকর্ষণ হিসেবে দুই দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে একটি ‘বিটুবি’ নেটওয়ার্কিং বৈঠক অনুষ্ঠিত হয়।
এক্সপোর দ্বিতীয় দিন মঙ্গলবার বাংলাদেশ প্রতিনিধিদল আন্দালুসিয়ান পার্লামেন্ট এবং সেভিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শনের কর্মসূচিতে অংশ নেবে। পরদিন স্পেনের মালাগা চেম্বার অব কমার্সে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আরও একটি বিটুবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা
জাপান চুক্তি ও বিগ-বি: আগামীর শিল্প সম্ভাবনা
একটি দেশের ওপর ভর করা রেমিটেন্স কতটা নিরাপদ

