চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন
ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
রাশিয়ার ক্রমবর্ধমান ও বিধ্বংসী বিমান হামলা প্রতিহত করতে ইউক্রেনের কাছে ৫০০টি সর্বাধুনিক ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র বিক্রির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন এই সামরিক সহায়তা অনুমোদিত হলেও তা ইউক্রেনীয় বাহিনীর হাতে পৌঁছাতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিবিসির বরাতে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, উচ্চপ্রযুক্তির পিএসি-৩ (PAC-3) ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্যাকেজটি নিশ্চিত করতে আনুমানিক ২১০ কোটি মার্কিন ডলার ব্যয় হবে।
এই অর্থের জোগান কোনো মার্কিন সরকারি তহবিল থেকে যাবে না; বরং ইউক্রেন সহায়তার আন্তর্জাতিক ‘জাম্পস্টার্ট’ কর্মসূচির আওতায় কানাডা, জার্মানি ও নরওয়ের দেওয়া অনুদান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঋণ সহায়তা থেকে এই অর্থ জোগানো হবে। ক্ষেপণাস্ত্রগুলো তৈরির মূল ঠিকাদার হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত অস্ত্রনির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে উল্লেখ করে, এই অস্ত্র বিক্রির অনুমোদন ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখা একটি ঘনিষ্ঠ অংশীদার দেশের সামরিক নিরাপত্তা জোরদার করবে, যা মূলত যুক্তরাষ্ট্রের নিজস্ব পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণেও অত্যন্ত সহায়ক।
এদিকে, শুক্রবার রাতে দেওয়া এক বার্তায় কিয়েভের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে সরবরাহের আকুল আহ্বান জানান জেলেনস্কি। রাশিয়ার ক্রমাগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে প্যাট্রিয়টের প্রয়োজনীয়তা এখন ইউক্রেনের জন্য সবচেয়ে বেশি।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলকরণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে কূটনৈতিক দূরত্ব তৈরি হলেও, গত ২০ অক্টোবর নরওয়ের অসলোতে দ্বিপক্ষীয় বৈঠকের পর ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে বরফ গলতে শুরু করে।

