ইউক্রেন যুদ্ধের সমাধানে আলোচনার টেবিলে জায়গা পেতে চাইছে ইউরোপ। অথচ যুদ্ধের ব্যয়ভার ক্রমেই তাদের কাঁধে চাপছে। অন্যদিকে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের সংঘাতেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না ইউরোপীয় দেশগুলো। একদিকে ইউক্রেনকে সহায়তা দিতে বিপুল অর্থ ব্যয়, অন্যদিকে ইরান সংকটে কূটনৈতিকভাবে একপাশে সরিয়ে দেওয়া হয়েছে—সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের দূরত্ব বাড়ছে।
গত বৃহস্পতিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউরোপীয় নেতারা নিজেদের প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করছিলেন। একই রাতে মস্কো থেকে সেখানে পৌঁছান যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি। তাদের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন নিয়ে পরবর্তী আলোচনায় ইউরোপকে যুক্ত করার বিষয়ে সম্মতি দিয়েছেন।
তবে ক্রেমলিন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। পুতিন বলেছেন, ইউরোপের সঙ্গে সংলাপে রাশিয়ার কখনো আপত্তি ছিল না। কিন্তু তার সহযোগী ইউরি উশাকভ ইউরোপের অবস্থানকে ‘অনন্ত যুদ্ধের পথ’ বলে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জ্যারেড কুশনার অবশ্য ইউরোপের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ইউরোপীয়দের আলোচনার টেবিলে না রাখলে এ চুক্তি সম্পন্ন করা সম্ভব নয়।
তবে আলোচনায় ইউরোপকে যুক্ত করার উদ্যোগও ওয়াশিংটনের মধ্যস্থতায় হচ্ছে, ব্রাসেলসের নেতৃত্বে নয়। এমনকি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, তা নিয়েও সদস্য দেশগুলোর মধ্যে মতভেদ রয়েছে। ফ্রান্স ও জার্মানি যুক্তরাজ্যকে সঙ্গে নিয়ে ইউরোপের তিন প্রধান শক্তির সমন্বয়ে ‘ইথ্রি’ কাঠামোর পক্ষে। অন্য দেশগুলো চায়, পুরো ইউনিয়নের হয়ে একজন প্রতিনিধি কথা বলুন।
ডাবলিনে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসও প্রশ্ন তুলেছেন, ইউনিয়নের প্রতিনিধিত্ব করবেন কে? কুশনারের ভাষ্য, ইউরোপ যদি একজন প্রতিনিধির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে, তবে সেটি রাশিয়াকে আলোচনায় ইউরোপের অংশগ্রহণে রাজি করানোর চেয়েও বড় অর্জন হবে।
ইউক্রেনের ব্যয়ভার এখন ইউরোপের কাঁধে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুলাইয়েই ইউক্রেনকে দেওয়া অস্ত্রের অর্থায়ন নিয়ে অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি বলেছিলেন, ন্যাটো শতভাগ অর্থ দিয়ে অস্ত্র কিনবে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসও ইউরোপীয় অংশীদারদের অর্থায়নের শর্তে এ ব্যবস্থাকে স্বাগত জানান।
কিয়েল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা ৯৯ শতাংশ কমে যায়। সেই ঘাটতি পূরণে এগিয়ে আসে ইউরোপ। ২০২৬ ও ২০২৭ সালের জন্য ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে ইইউ। এর মধ্যে ৬০ বিলিয়ন ইউরো বরাদ্দ রাখা হয়েছে অস্ত্র কেনার জন্য।
তবে অক্টোবরের শেষ নাগাদ অনুমোদিত অর্থের মধ্যে মাত্র ১৪ বিলিয়ন ইউরোর মতো ছাড় করা হয়েছিল। বিশ্লেষকদের ধারণা, ২০২৭ সালে ইউক্রেনের অর্থায়নে প্রায় ৭০ বিলিয়ন ইউরোর ঘাটতি দেখা দিতে পারে। এদিকে ইউরোপীয় দেশগুলো এ বছরের প্রথম ছয় মাসেই অন্তত ৩ বিলিয়ন ইউরোর মার্কিন অস্ত্র কিনেছে। ফলে ইউক্রেনকে সহায়তার জন্য বরাদ্দ অর্থের একটি বড় অংশ আবার যুক্তরাষ্ট্রের অস্ত্রশিল্পে ফিরে যাচ্ছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ওয়াশিংটনই ছিল ইউক্রেনের প্রধান অর্থ ও অস্ত্র সরবরাহকারী। এখন সেই অবস্থানে এসেছে ব্রাসেলস ও ইউরোপের দেশগুলো। ২০২২ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য দেশগুলো ইউক্রেনকে মোট ১৯৩ বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে বলে ইউরোপীয় কাউন্সিলের তথ্য।
তবে বিপুল অর্থ ব্যয়ের পরও যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের হারানো ভূখণ্ড পুনরুদ্ধার সম্ভব হয়নি। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর ২০২২ সালে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে রাশিয়া। এসব অঞ্চল রুশ সংবিধানেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও ঘোষিত সব এলাকার নিয়ন্ত্রণ এখনো মস্কোর হাতে নেই।
গত মে মাসে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, যুদ্ধবিরতির আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দনবাস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিতে হবে। চলতি সপ্তাহে আবুধাবিতে আলোচনার সময়ও রাশিয়া এমন কিছু ভূখণ্ডের নিয়ন্ত্রণ দাবি করেছে, যেগুলো এখনো ইউক্রেনের হাতে রয়েছে বলে জেলেনস্কি জানিয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রও এ বিষয়ে কিয়েভের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে।
ক্রেমলিনে বৃহস্পতিবার পুতিনও কস্তিয়ানতিনিভকা শহর নিয়ে একই ধরনের দাবি করেন। তবে ইউক্রেনের সামরিক পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্রকল্প ডিপস্টেটের তথ্য অনুযায়ী, শহরটির প্রায় পুরো নিয়ন্ত্রণ এখনো ইউক্রেনীয় বাহিনীর হাতে।
ভূখণ্ড ছাড়ার চাপ, নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সংশয়
ইউক্রেনের ভূখণ্ড ছাড়ার বিষয়ে ওয়াশিংটনের চাপের কথাও আলোচনায় এসেছে। ফিন্যান্সিয়াল টাইমস-এর সাংবাদিক গিডিয়ন র্যাচম্যানের বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের আলোচনাকৌশলে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে রাজি করানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
গত মার্চে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে উইটকফ বলেছিলেন, ইউক্রেন দনবাস থেকে সেনা প্রত্যাহারে রাজি হলে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। তবে র্যান্ড করপোরেশনের গবেষক স্যামুয়েল চারাপ ও জেনিফার কাভানার মনে করেন, ভূখণ্ডের বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার এ কৌশল এখন পর্যন্ত কার্যকর হয়নি এবং ভবিষ্যতেও সফল হওয়ার সম্ভাবনা কম।
তাদের হিসাবে, দনবাসের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড এখনো কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে বিশ্লেষক আনাতোল লিভেন ও টেড স্নাইডারের মতে, মস্কো মনে করে ইউরোপ শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয়। আর শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিয়ারশাইমারের ধারণা, কূটনৈতিকভাবে যুদ্ধের সমাধান খুঁজে পাওয়া কঠিন। কারণ রাশিয়া দখল করা অঞ্চলগুলোকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে, অন্যদিকে ইউক্রেনও সেগুলো ছেড়ে দিতে রাজি নয়।
ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখা এবং দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েন ঠেকানোও পুতিনের অন্যতম লক্ষ্য। গত ডিসেম্বরের আলোচনার আগে ইউরোপের হস্তক্ষেপকে তিনি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসের অবস্থান হলো, প্রথমে যুদ্ধবিরতি, এরপর রাজনৈতিক সমঝোতা এবং সবশেষে ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হওয়া উচিত। কিন্তু মস্কো এ সপ্তাহে বহুপক্ষীয় আলোচনার কাঠামো প্রত্যাখ্যান করেছে। ফলে সংকট কাটার কোনো স্পষ্ট পথ দেখা যাচ্ছে না।
ইউরোপ ইউক্রেনের পাশ থেকে সরে যায়নি। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ওপর আস্থা কমেছে। গত মার্চে কালাস বলেছিলেন, ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আটলান্টিক মহাসাগরীয় সম্পর্কের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্য, ইউরোপীয়দের ছাড়া ইউক্রেনকে সহায়তা দেওয়া সম্ভব নয়। মেরৎসও রাশিয়ার সঙ্গে ইউরোপের সরাসরি আলোচনার পক্ষে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা মনে করেন, নিজেদের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্তের আলোচনায় ইউরোপের নিজস্ব কণ্ঠ থাকা জরুরি। কিন্তু মস্কো এখনো তাতে সম্মতি দেয়নি।
ইউক্রেন যুদ্ধের মতো ইরানকে ঘিরে সংঘাতেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থানে পার্থক্য স্পষ্ট হয়েছে। মধ্যপ্রাচ্যের এ সংকটে ইউরোপ কার্যত দর্শকের ভূমিকায় রয়েছে।
ইরানে হামলার প্রাথমিক ঘটনাগুলোকে আন্তর্জাতিক আইনের কাঠামোর বাইরে বলে মন্তব্য করেছিলেন ম্যাক্রোঁ। স্পেন তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে মার্কিন বিমান পরিচালনায় বাধা দেয়। যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথমে মার্কিন হামলায় সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। পরে কেবল ‘প্রতিরক্ষামূলক’ হামলার জন্য সহযোগিতার অনুমতি দেন। অন্যদিকে মেরৎস ট্রাম্পের অবস্থানের কাছাকাছি ছিলেন এবং জার্মানির রামস্টাইন ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়।
তবে ইরান সংকট নিয়ে আলোচনায় এখন মধ্যস্থতাকারী হিসেবে সামনে এসেছে তুরস্ক, কাতার ও পাকিস্তান। তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন জানিয়েছেন, দেশগুলো সাত দফার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি আলোচনার সম্ভাবনা বিবেচনা করছেন বলে খবর পাওয়া গেছে। এ আলোচনায় ইরানের মোহসেন রেজাইয়ের নামও এসেছে।
তবে ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজন নেই। ইরান সংকটের মধ্যস্থতাকারীদের তালিকায় ইউরোপের কোনো দেশ নেই।
এ পরিস্থিতিতে ইউরোপের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের মোহসেন রেজাই এ সপ্তাহে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু হতে পারে। ‘কোনো নিরাপদ দূরত্ব নেই’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্যও করেছেন তিনি।
ইরান যুদ্ধ থেকে দূরে থাকতে চেয়েছিল ইউরোপ। কিন্তু সংঘাতের প্রভাব থেকে পুরোপুরি নিরাপদ থাকার নিশ্চয়তা মিলছে না।
সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধে ইউরোপকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে, অথচ শান্তি আলোচনায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারছে না। অন্যদিকে ইরান সংকটে কূটনৈতিক প্রভাবও সীমিত। যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করছে, আলোচনার মধ্যস্থতা করছে এবং মিত্রদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করছে। এই বাস্তবতায় ইউরোপের সামনে বড় প্রশ্ন—নিজেদের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির সিদ্ধান্তে তারা কতটা স্বাধীন ভূমিকা রাখতে পারবে?


