ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচের ৬৮ মিনিটে বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিমের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

ম্যাচের প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে বিশ্বনাথ ঘোষের সামনে গোল করার একাধিক সুযোগ এসেছিল। তবে সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতিতে বাংলাদেশের বল দখলে ছিল ৬৪ শতাংশ, ভুটানের ৩৬ শতাংশ। বাংলাদেশ ১২টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছিল দুটি। ভুটানের চারটি শটের মধ্যে দুটি ছিল লক্ষ্যে।

প্রথমার্ধে ভুটানের খেলোয়াড় ওরগেন ওয়াংচুক মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

বিরতির পর গোলের জন্য আক্রমণ বাড়ায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফয়সাল ফাহিমকে তুলে ফাহামিদুলকে মাঠে নামান কোচ। পরে জামাল ভূঁইয়া ও বিশ্বনাথ ঘোষের বদলে মোহাম্মদ ইব্রাহিম ও সোহেল রানা জুনিয়রকে নামানো হয়। মাঠে নেমেই দলকে এগিয়ে দেন ইব্রাহিম। ৬৮ মিনিটে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি।

ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

জাতীয়