নয় সাধারণ বোর্ডের বিজ্ঞান শাখা থেকেই এসেছে সিংহভাগ জিপিএ-৫।
ফল প্রকাশের পর রাজশাহী কলেজে শিক্ষার্থীদের উচ্ছ্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় নয় সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে ঢাকা বোর্ড।
অন্যদিকে, মানবিকে সবচেয়ে বাজে ফল করেছে রাজশাহী ও যশোর অঞ্চল।
শনিবার প্রকাশিত ফলের শাখাভিত্তিক পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী, যা ২২ বছরের মধ্যে সবচেয়ে কম।
এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছে।
নয় সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন। সর্বমোট পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন শিক্ষার্থী।
এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে উত্তীর্ণ হয়েছে, ৬১ দশমিক ৮০ শতাংশ।
বিজ্ঞান শাখায় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এই বোর্ডে বিজ্ঞানের ৮১ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এ শাখায় দ্বিতীয় সর্বোচ্চ পাসের হার ময়মনসিংহে ৭৫ দশমিক ৫৬ শতাংশ এবং চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪২ শতাংশ।
অপরদিকে, বিজ্ঞানে পাসের হার সবচেয়ে কম বরিশাল বোর্ডে; সেখানে ৫৬ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন।
বিজ্ঞান শাখায় সাফল্য থাকলেও মানবিক শাখায় চরম বিপর্যয় দেখা গেছে। এ শাখায় সবচেয়ে কম পাস করেছে রাজশাহী বোর্ডে—মাত্র ৩৬ দশমিক ৯৬ শতাংশ। যশোর বোর্ডে মানবিকে পাসের হার ৩৮ দশমিক ২১ শতাংশ এবং চট্টগ্রাম বোর্ডে ৩৮ দশমিক ৩৬ শতাংশ।
এ শাখায় সর্বোচ্চ পাসের হার দেখা গেছে ঢাকা বোর্ডে ৪৮ দশমিক ২২ শতাংশ।
ব্যবসায় শিক্ষা শাখাতেও এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড। এখানে ব্যবসায় শিক্ষায় পাসের হার ৬০ দশমিক ০৬ শতাংশ, এর পরেই রয়েছে চট্টগ্রাম বোর্ড, ৫৪ দশমিক ১৪ শতাংশ। এ শাখায় সবচেয়ে খারাপ ফল করেছে রাজশাহী বোর্ড, সেখানে পাস করেছেন মাত্র ৩৫ দশমিক ৬৩ শতাংশ পরীক্ষার্থী।
শাখাভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তির চিত্রেও দেখা গেছে বড় ব্যবধান। নয় সাধারণ বোর্ডের বিজ্ঞান শাখা থেকেই এসেছে সিংহভাগ জিপিএ-৫। এ শাখা থেকে মোট ২৬ হাজার ৭০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
মানবিক শাখা থেকে ৫ হাজার ৯৭৮ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩ হাজার ২৬৮ জন শিক্ষার্থী।
মাটি বাঁচানোর বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের জায়গা কোথায়?
ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?
মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ
উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

